ঢাকা, ১১ জুন: দেশে পরিবেশবান্ধব ব্যাটারি শিল্পের বিকাশ এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লিথিয়াম-আয়ন, সোডিয়াম-আয়ন ব্যাটারি এবং ব্যাটারি প্যাক উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি জানান, পরিবেশবান্ধব ব্যাটারি উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ আমদানির ক্ষেত্রে ৩০ জুন ২০৩০ পর্যন্ত শুল্ক ও কর অব্যাহতি সুবিধা দেওয়া হবে। এ জন্য একটি নতুন প্রজ্ঞাপন জারিরও প্রস্তাব করা হয়েছে।
সরকারের মতে, এই পদক্ষেপ দেশীয় ব্যাটারি শিল্পে নতুন বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ইলেকট্রিক যানবাহন (ইভি) ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি দেশে আধুনিক ও পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তির ব্যবহারও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এবারের প্রস্তাবিত জাতীয় বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাস হওয়ার কথা রয়েছে। এরপর ১৬ জুন থেকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে আলোচনা শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে বাজেট অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ১১:২১ পূর্বাহ্ণ