ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার, ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬ । ২:৫৯ অপরাহ্ণ

ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথক অভিযানে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ পুরিয়া হেরোইন উদ্ধারসহ মোট ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে সাভার ও আশুলিয়া এলাকার বিভিন্ন স্থান থেকে আসামিদের আটক করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, ১১ জুন সন্ধ্যায় সাভারের আক্রাইন সামাইর এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ৯৫০ টাকাসহ গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ১২ জুন রাত ১২টা ১০ মিনিটে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বির হোসেন (২৫), জামাল হোসেন (৩৮) ও শাহিন মিয়া (২৪)-কে ২৫০ পুরিয়া হেরোইন এবং ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

একই দিন ভোরে সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় অভিযান চালিয়ে তারেক (৩৮)-কে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে আমিনবাজার এলাকায় আরেকটি অভিযানে সুজন (৩০) ও তরিকুল ইসলাম মিলন (৩৫)-কে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সাব্বির হোসেনের বিরুদ্ধে ৪টি, জামাল হোসেনের বিরুদ্ধে ২টি, তারেকের বিরুদ্ধে ১টি এবং সুজনের বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩৪ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন