সাভারের রেডিও কলোনী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে রোববার (১৪ জুন) রাত ১১টা ৩০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে আজিজুল হাকিম (২০), বিশাল শেখ (২২) ও কাউছার (৩২) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা সাভার ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স ও পূর্ব অপরাধের তথ্য পর্যালোচনায় আজিজুল হাকিমের বিরুদ্ধে একটি বিবিধ মামলা এবং বিশাল শেখের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬ । ৩:১৮ অপরাহ্ণ