টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টেলকি বাজারের উত্তর-পশ্চিমে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লাল মিয়ার ভাষ্য অনুযায়ী, বাবুল হাদিমার একটি ছাগলছানা পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে কূপে নামে তার ছেলে নেইমার ম্রং। দীর্ঘ সময় পার হলেও কোনো সাড়া না পাওয়ায় পরে কূপে নামেন বাবুল হাদিমা। এরপর একে একে গাব্রিয়াল ও রতন নকরেকও কূপে প্রবেশ করেন। তবে চারজনের কেউই আর সাড়া দেননি।
পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয়রা তাদের খোঁজাখুঁজি শুরু করেন এবং দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা পরিত্যক্ত কূপে অক্সিজেনের ঘাটতি থাকার বিষয়টি শনাক্ত করেন। পরে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে ফায়ার ফাইটার মনিরকে কূপে নামানো হয়। তিনি একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহগুলো গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের ধারণা, অক্সিজেনশূন্য পরিবেশ এবং কূপের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে একে একে কূপে নামা চারজনের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬ । ৮:৪০ অপরাহ্ণ