গাইবান্ধায় যুবদল নেতার শাবলের আঘাতে ইউনিয়ন শিবির সভাপতি নি’হত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬ । ৭:৫০ অপরাহ্ণ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল্লাহ বারী (৩২) নামে ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন (৩০) নামে তার এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি এবং রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদ্রাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

আহত সালাউদ্দিন একই ইউনিয়নের ফুটানি বাজার এলাকার দুদু মিয়ার ছেলে। অভিযুক্ত মুকুল ও পলাশ সম্পর্কে আপন দুই ভাই। তারা বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের উপজেলা চত্বর সংলগ্ন চারমাথা এলাকায় এ বিষয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা উভয় পক্ষকে সরিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু মোবাশ্বেরের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে মুকুল, পলাশসহ কয়েকজন খারাপ আচরণ ও গালিগালাজ করেন। বিষয়টি জানতে পেরে সাইফুল্লাহ বারীসহ কয়েকজন সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে চলে যাওয়ার সময় অভিযুক্তরা ধাওয়া দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় পলাশ লোহার শাবল দিয়ে সাইফুল্লাহ বারীর গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। একই সময়ে সালাউদ্দিনকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গাইবান্ধা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহ বারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। অভিযোগের সত্যতা যাচাই করে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তাকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হয়েছে।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ফেরদাউস সরকার রুম্মন বলেন, সাইফুল্লাহ বারী সংগঠনের একজন দায়িত্বশীল নেতা ছিলেন। তার হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

সাঘাটা থানার তদন্ত কর্মকর্তা ওসি পবিত্র কুমার জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন