টাঙ্গাইলের আলোচিত কৃষক কবির হোসেন আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ । ১১:৫৬ অপরাহ্ণ

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর দেশজুড়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবির হোসেনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল তারেক রহমান-এর হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সে সময় বিভিন্ন মহল থেকে তাকে ‘ভুয়া কৃষক’ দাবি করে নানা ধরনের প্রচারণা চালানো হয়, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

পরবর্তীতে বিষয়টি তদন্ত করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজস্ব জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তদন্ত প্রতিবেদনে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্কের অবসান ঘটে।

জীবনের শেষ সময় পর্যন্ত কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকা কবির হোসেনের মৃত্যুতে তার স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন