চীনের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য সম্পূর্ণ উন্মুক্ত এবং ভবিষ্যতের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে বিদেশি বিনিয়োগের জন্য প্রস্তুত।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের ঐতিহ্যবাহী দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) শুরু হওয়া এ সম্মেলনে চীনের ১২৫ জন শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা অংশ নেন।
প্রধানমন্ত্রী একই সঙ্গে চীনা বিনিয়োগকারীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণা দেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, শিল্পখাতের সুযোগ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
চীনা উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে আরও গভীর ও দীর্ঘমেয়াদি শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী। তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানান।
বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পুঁজিসংক্রান্ত কার্যপ্রণালি আধুনিক ও কার্যকর করতে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এই পরিকল্পনার আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার শতভাগ ডিজিটাইজেশন, নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার কাজ চলছে।
তিনি আরও জানান, চীনা অর্থায়নে আনোয়ারায় নির্মাণাধীন অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এসব প্রকল্প বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উচ্চপর্যায়ের এ সম্মেলনে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১১:৪১ পূর্বাহ্ণ