বেইজিং, ২৫ জুন ২০২৬:
বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পসহ দেশের বিভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ঐকমত্য হয়েছে। এ লক্ষ্যে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ, আর বেইজিংও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই (Diaoyutai) অতিথি ভবনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গুয়িং (Li Guoying)-এর বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশে চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের সামগ্রিক পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
তিনি বিশেষভাবে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগে চীন সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
লি গুয়িং ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এ খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
এ সময় প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে চীনের সহযোগিতা কামনা করেন।
চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। পাশাপাশি তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১২:৩৮ অপরাহ্ণ