কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
বৃহস্পতিবার (২৫ জুন) মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আইনশৃঙ্খলার উন্নতি অত্যন্ত জরুরি। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বা আদর্শ নেই, সে কেবলই অপরাধী। তাই অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়।
ড. মারুফ হোসেন বলেন, সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে বর্তমান সরকারের নীতিগত অবস্থান ‘জিরো টলারেন্স’। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যেতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিগত সরকারের শাসনামলে গণতন্ত্র, অর্থনীতি ও বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনগণের কল্যাণে দলটি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকবান্ধব উদ্যোগ, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যার সুফল সাধারণ মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন, সদস্য সচিব এম. এম. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ । ১০:৩৫ অপরাহ্ণ