বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে নাজুক বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি না হলে সরকারের জন্য এর পরিণতি দুঃখজনক হতে পারে।
শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে সরকারের মাত্র দুজন মন্ত্রীর কাঁধেই প্রায় ৫০ শতাংশ দায়িত্ব বর্তেছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, অন্য মন্ত্রণালয়ের বিষয়ে যে আগ্রহ, উৎসাহ ও তৎপরতা স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে দেখা যায়, নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সেই একই মনোযোগ থাকলে দেশবাসী আরও বেশি উপকৃত হতো।
তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি এবং আইনশৃঙ্খলা, এই দুটি খাতে দৃশ্যমান উন্নতি না হলে সরকারের ভবিষ্যৎ সত্যিকার অর্থেই উদ্বেগজনক হতে পারে।”
নতুন অর্থবছরের বাজেট প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বাজেট নিয়ে তিনি সংসদেও বক্তব্য দিয়েছেন। তার মতে, ঘোষিত বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে, সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এদিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মামলার ব্যবসা’ করার অভিযোগও তোলেন তিনি। রুমিন ফারহানার দাবি, বিভিন্ন এলাকায় একের পর এক মামলা দিয়ে ‘শো অ্যারেস্টের সংস্কৃতি’ চালু করা হয়েছে।
তিনি বলেন, “একটি মামলায় জামিন নেওয়ার পরপরই আরেকটি মামলা দেওয়া হচ্ছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেক জায়গায় মামলাকে ব্যবসায় পরিণত করেছে। বিষয়টি আমি সংসদেও বলেছি, সরকারকেও জানাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করব।”
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, “বিষয়টি আপনি দেখবেন। কারণ মনে রাখতে হবে, আজ আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।”
সড়ক নির্মাণকাজ পরিদর্শনকালে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ । ১১:১৬ অপরাহ্ণ