ফুটবল ম্যাচ দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশ চলাকালে কুপিয়ে হত্যা, নিহত বিএনপি নেতা বাদশা মিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ১:০৯ পূর্বাহ্ণ

ফুটবল ম্যাচ দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশ চলাকালে কুপিয়ে হত্যা, নিহত বিএনপি নেতা বাদশা মিয়া

রাজধানীর আদাবরে ফুটবল খেলা দেখা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশ বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন।

বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) রাতে ব্রাজিল ও জাপানের ফুটবল ম্যাচ দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপক্ষে ছিলেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া। অপরপক্ষে ছিলেন একই এলাকার রিপন ও পারভেজ।

ওই ঘটনার জেরে বুধবার সন্ধ্যায় বিরোধ মীমাংসার উদ্দেশ্যে উভয় পক্ষ সালিশ বৈঠকে বসে। তবে দীর্ঘ আলোচনা শেষে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম হোসেন ও বাদশা মিয়া বৈঠকস্থল ত্যাগ করার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা দ্রুত দুজনকে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত বাদশা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাদ্দাম হোসেন বর্তমানে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, দুই পক্ষের মধ্যে কয়েক দিন আগে মারামারির ঘটনা ঘটেছিল। সেই বিরোধ মীমাংসার জন্য বুধবার তারা নিজেরাই সালিশে বসেছিল। সালিশের ফলাফল নিয়ে অসন্তোষের জেরেই প্রতিপক্ষ হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন