সাভারে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ৪:০৭ অপরাহ্ণ

ঢাকা জেলার সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (২ জুলাই) রাত ও শুক্রবার (৩ জুলাই) ভোরে সাভারের উত্তর কলমা ও জয়নাবাড়ি এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে উত্তর কলমা এলাকা থেকে নিয়ামত (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে জয়নাবাড়ি এলাকায় পৃথক অভিযানে মেহেদী (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নিয়ামতের বিরুদ্ধে পূর্বে তিনটি এবং মেহেদীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন