সাঙ্গুর তীব্র স্রোতে সাতকানিয়ায় কবরস্থান থেকে ভেসে উঠল তিনটি মরদেহ

প্রতিবেদক: মো. মকছুদুল ইসলাম চৌধুরী
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ । ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলতাব আলী চৌধুরী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণ ও সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করলে কবরস্থানের কিছু অংশ পানির তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে তিনটি মরদেহ কবর থেকে ভেসে পাশের ঝোপঝাড়ে আটকে যায়। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহগুলো দেখতে পেয়ে উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখেন।

স্থানীয়রা জানান, বন্যার পানির প্রবল স্রোতের কারণেই মরদেহ তিনটি কবরস্থান থেকে ভেসে ওঠে। পরে ধর্মীয় রীতি অনুসরণ করে সেগুলো অন্য একটি নিরাপদ কবরস্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, চলমান বন্যার কারণে নদীর তীরবর্তী কবরস্থানগুলো ঝুঁকির মুখে পড়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঝুঁকিপূর্ণ কবরস্থানগুলোর সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন