সাভারে মাদক ব্যবসা প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া পরিচালিত হওয়া সম্ভব নয় বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
তিনি বলেন, সাভারে কেউ না কেউ তো আছেই, যাদের শেল্টারে সাভারের মাদক ব্যবসা চলছে। এই আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে না পারলে মাদকের বিরুদ্ধে কোনো অভিযানই দীর্ঘমেয়াদে সফল হবে না।
মোঃ খোরশেদ আলমের দাবি, মাদক বর্তমানে সমাজের জন্য অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই ভয়াবহ সামাজিক ব্যাধি। তাই মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়, প্রভাব বা ক্ষমতার বিষয় বিবেচনা না করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হলে যারা এর পেছনে থেকে সহযোগিতা করছে, তাদেরও আইনের আওতায় আনতে হবে। শুধু খুচরা বিক্রেতাদের ধরলেই সমস্যার সমাধান হবে না।
আসন্ন সাভার পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সাভার গড়ে তোলাই তাঁর অন্যতম অঙ্গীকার। তিনি মনে করেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও সমানভাবে জরুরি।
সাভারকে মাদকমুক্ত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই।
তবে বক্তব্যে মোঃ খোরশেদ আলম কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি। তার উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিযুক্ত কোনো পক্ষের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

মোঃ রবিউল ইসলাম সিয়াম সাভার, ঢাকা
প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ । ৯:৪২ অপরাহ্ণ