প্রেমের টানে পাকিস্তানের যুবক শরীয়তপুরে বিয়ে করলেন জাজিরার তরুণীকে

মো: নুরজামাল এমটিভি বাংলা প্রতিনিধি,শরীয়তপুর
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ । ১২:০১ অপরাহ্ণ

 

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া পরিচয়, দীর্ঘ চার বছরের ভালোবাসা, আর সেই সম্পর্ককে পূর্ণতা দিতে পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে আসা এক তরুণ। এমনই ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলায়, যা ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, পাকিস্তানের লাহোরের বাসিন্দা মোজাম্মেল হোসাইন (২৬)-এর সঙ্গে প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি গ্রামের স্টাপল্টন শিকদার কান্দি এলাকার বাসিন্দা মজিবর শিকদারের মেয়ে তানজিলা (১৯)-এর। পরিচয় থেকে নিয়মিত কথোপকথন, এরপর ভিডিও কলে যোগাযোগ— ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক।

পরিবারের সম্মতিতে গত ১১ জুলাই পাকিস্তান থেকে জাজিরায় আসেন মোজাম্মেল হোসাইন। পরে শরীয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তানজিলার মা আসমা আক্তার জানান, ছেলের পরিবারের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। মেয়েকে বিদেশে বিদায় দিতে কষ্ট হলেও ছেলে ও তার পরিবার সম্পর্কে তারা ইতিবাচক ধারণা রাখেন এবং এ বিষয়ে তাদের কোনো আশঙ্কা নেই।

তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে প্রেমের সম্পর্কের আড়ালে মানবপাচারের বিভিন্ন ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তাই বিদেশে যাওয়ার আগে সব ধরনের আইনি প্রক্রিয়া ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ কারণে প্রশাসনের যথাযথ যাচাই-বাছাইয়েরও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। অভিযোগ বা তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় তদন্ত করে পাসপোর্ট, ভিসাসহ সব কাগজপত্র যাচাই করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন