নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী মাসুম ভুঁইয়া ও হাবিবুর রহমান (পিয়ার) মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন। শতশত নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে স্ট্যাম্পে স্বাক্ষর করে তারা এই মুচলেকা প্রদান করেন।
শনিবার (১৮ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক।
মাদকবিরোধী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যারা ভুল পথ থেকে ফিরে এসে সুন্দর ও সুস্থ জীবনে ফিরতে চান, আমাদের দল তাদের স্বাগত জানায়। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা বদ্ধপরিকর।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, ইব্রাহিম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য আলামিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহআলম, জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়া, ইউনিয়ন জাসাসের সভাপতি আলমগীর এবং জামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি শিহাব ভুঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মাদক ব্যবসায়ীদের এমন স্বেচ্ছায় মাদক ছাড়ার ঘোষণা ও মুচলেকা প্রদানকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং এলাকায় মাদকের করাল গ্রাস থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৩:১৭ অপরাহ্ণ