দেশের আইনি অঙ্গনের পরিচিত মুখ ব্যারিস্টার পল্লব আচার্য আবারও প্রমাণ করলেন—তাঁর কর্মপরিধি শুধু আদালতের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়; তিনি আছেন মানুষের হৃদয়েরও খুব কাছে। দুর্যোগ ও সংকটের প্রতিটি মুহূর্তে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।
সেই ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী ও সমাজসেবক। একই সঙ্গে তিনি সাঙ্গু নদীর ভেঙে যাওয়া বাঁধ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।
সরেজমিনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র পর্যবেক্ষণ করেন ব্যারিস্টার পল্লব আচার্য। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সাহস জোগান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
ব্যারিস্টার পল্লব আচার্য বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। জনকল্যাণে কাজ করা আমার জীবনের স্থায়ী অঙ্গীকার।”
স্থানীয়রা জানান, দুর্যোগের সময় তাঁর এই মানবিক উপস্থিতি ও সহায়তা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাঁরা আশা প্রকাশ করেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য তাঁর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিক্ষা, সমাজ সংস্কার এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ব্যারিস্টার পল্লব আচার্যের এই উদ্যোগ সাতকানিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে তাঁর মতো মানুষের এগিয়ে আসা সময়ের দাবি।
মানবিকতার এই আলোকবর্তিকা আগামী দিনেও সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশাই এখন সাতকানিয়াবাসীর।

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২৬ । ৬:৪৯ অপরাহ্ণ