নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে বিশালাকৃতির একটি কাঁঠাল নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় দুই মণ ওজনের এই বিশাল আকৃতির কাঁঠালটি একনজর দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। শেষ পর্যন্ত নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাঁঠালটি বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রবিবার সনমান্দি এলাকায় বিশাল আকৃতির এই কাঁঠালটি স্থানীয় বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সাধারণত বাজারে যে ধরনের কাঁঠাল সচরাচর দেখা যায়, এটি তার চেয়ে বহুগুণ বড় ও ভারী। কেউ কেউ এর ওজন দেড় থেকে দুই মণ বলে নিশ্চিত করেন।
এত বড় কাঁঠাল এলাকায় সচরাচর দেখা যায় না বিধায় খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই চারপাশ থেকে কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন। বিশাল এই ফলটি ক্যামেরাবন্দি করতে এবং নিজ চোখে দেখতে ছোট-বড় সবাই উপস্থিত হন।
অবশেষে নানা আলোচনা ও দরদাম শেষে বিশাল আকৃতির এই কাঁঠালটি ১০ হাজার টাকায় বিক্রি করা হয়।স্থানীয়রা জানান, এত বড় কাঁঠাল এই অঞ্চলে সচরাচর দেখা যায় না। বিশাল এই ফলের ওজন ও আকৃতি নিয়ে স্থানীয়দের মাঝে বেশ কৌতূহল কাজ করছিল।বিরল আকৃতির এই ফলটি দেখতে পেয়ে এবং স্থানীয় বাজারে এমন ঘটনার সাক্ষী হতে পেরে স্থানীয়রা আনন্দ প্রকাশ করেছেন।

মোঃ কাউছার পাটোয়ারীর
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ । ২:৫৫ অপরাহ্ণ