দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের বাসভবন ‘পায়রা’ ভবন ভেঙে ফেলার ঘটনায় নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। এ ঘটনায় তাঁকে জড়িয়ে যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন তিনি।
এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ইউএনও নাছরীন আক্তার বলেন, তিনি ২০২৫ সালের ১৪ আগস্ট (বৃহস্পতিবার) দাউদকান্দি উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যক্তিগত প্রয়োজনবশত শুক্রবার ও শনিবার তিনি ঢাকায় অবস্থান করেন।
বিবৃতিতে তিনি বলেন, তাঁর অনুপস্থিতির সময়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবন ‘পায়রা’ ভবনটি কে বা কারা ভেঙে ফেলছিলেন, সে বিষয়ে তাঁর কোনো জ্ঞান বা সম্পৃক্ততা ছিল না। একইভাবে ভবনটি ভাঙা কিংবা এর ভেতরে থাকা কোনো মালামাল অপসারণ বা বিক্রির সঙ্গেও তাঁর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
নাছরীন আক্তার আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তেজিত জনতা ভবনটিতে অগ্নিসংযোগ করে। তিনি দাউদকান্দিতে যোগদানের পর বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ইউএনও বলেন, কোনো সংবাদ প্রকাশ বা প্রচারের আগে সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত।
দাউদকান্দিবাসীর উদ্দেশে নাছরীন আক্তার বলেন, ‘গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে মতামত গঠন করার জন্য দাউদকান্দিবাসীর প্রতি অনুরোধ রইল।’
— নাছরীন আক্তার
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
দাউদকান্দি, কুমিল্লা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ । ১২:৪৮ অপরাহ্ণ