কক্সবাজার জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ: আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২৬ । ৯:৫৯ অপরাহ্ণ

কক্সবাজার জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় হারিয়ে যাওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপারের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

জানা যায়, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণ করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা নিরলসভাবে কাজ করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় কক্সবাজার জেলা পুলিশ।

হারিয়ে যাওয়া প্রিয় মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। “আপনাদের সন্তুষ্টিই আমাদের প্রেরণা”—এমন বার্তাও দেওয়া হয়েছে।

এদিকে, উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে অনেকগুলোর জিডিতে উল্লেখিত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট প্রকৃত মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ কারণে উদ্ধারকৃত মোবাইল ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে, জাতীয় পরিচয়পত্র (NID) এবং *ফোন ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো)*সহ প্রয়োজনীয় প্রমাণাদি নিয়ে আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজারে যোগাযোগ করে নিজ নিজ মোবাইল ফোন সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে iPhone 11 Pro Max, Vivo, Oppo, Samsung Galaxy, Redmi, Tecno, Infinix, Itel, Honor ও Realmeসহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন