রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ রবিবার (২৬ জুলাই) বঙ্গভবন ছাড়ছেন। এরপর তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সপরিবারে উঠবেন। শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
সাবেক রাষ্ট্রপতি জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককে যেতে পারেন। জটিল শারীরিক সমস্যার কারণে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তার স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ বলে জানিয়েছেন মো. সাহাবুদ্দিন। এ কারণে স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এর আগে, গত শনিবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি জানান, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি তার বাইপাস সার্জারি হয়েছে। অস্ত্রোপচারের পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামে একটি জটিল রোগে আক্রান্ত হন তিনি। এর ফলে মাঝেমধ্যে অল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন বলে জানান সাবেক রাষ্ট্রপতি।
বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন আগে থেকেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছিল। এরই মধ্যে ওই বাড়ির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজও শেষ হয়েছে।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ১২:২০ অপরাহ্ণ