উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয়কে ‘এনার্জি ড্রিংক’ নামে বাজারজাত করা বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (এফএসএসএআই)। দেশটির দ্রুত সম্প্রসারণশীল এনার্জি ড্রিংক বাজারে নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সোমবারের এক প্রতিবেদনে সরকারি নথি ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এফএসএসএআই উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের পণ্যের গায়ে ‘এনার্জি ড্রিংক’ বা এ ধরনের বিভ্রান্তিকর কোনো পরিচিতি ব্যবহার অবিলম্বে বন্ধ করতে বলেছে। সংস্থাটির যুক্তি, ভারতে এনার্জি ড্রিংকের জন্য এখনো নির্দিষ্ট কোনো মানদণ্ড নির্ধারিত হয়নি। ফলে ‘শরীর ও মন চাঙ্গা করে’ কিংবা ‘সাধারণ দুর্বলতা দূর করে’—এ ধরনের প্রচারণা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে।
এই নির্দেশনার আওতায় পেপসি, রেড বুল, মনস্টার বেভারেজ, রিলায়েন্স এবং হেল এনার্জিসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানকে তাদের পণ্যের পরিচিতি পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তবে নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কোম্পানিগুলোর সঙ্গে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানগুলোর আশঙ্কা, দীর্ঘদিনের ব্র্যান্ড পরিচিতি বদলাতে হলে পণ্যের বাজারমূল্য ও বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গত শুক্রবার শিল্পখাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠকে এফএসএসএআইয়ের প্রধান নির্বাহী রাজিত পুনহানি ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা নাকচ করে দেন। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান এই সিদ্ধান্তে আপত্তি জানালে আদালতের দ্বারস্থ হতে পারে।
এ বিষয়ে এফএসএসএআই বা রাজিত পুনহানির আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পেপসি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোও রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।
সরকারি একটি সূত্র জানিয়েছে, উচ্চপর্যায়ের আলোচনার পর শিল্পখাত লেবেল পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিতে সম্মত হয়েছে। এ জন্য কোম্পানিগুলোকে ৯০ দিনের সময় দিয়েছে এফএসএসএআই।
দ্রুত বাড়ছে ভারতের এনার্জি ড্রিংকের বাজার
রয়টার্সের তথ্য অনুযায়ী, ভারতে এনার্জি ড্রিংকের বাজার ২০২৮ সালের মধ্যে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। গবেষণা প্রতিষ্ঠান ইউরোমনিটরের তথ্য বলছে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে দেশটিতে এ ধরনের পানীয়র বিক্রি প্রতি বছর প্রায় ১০০ শতাংশ হারে বেড়েছে।
২০১৭ সালে পেপসির ‘স্টিং’ বাজারে আসার পর ভারতের এনার্জি ড্রিংকের বাজারে বড় ধরনের সম্প্রসারণ ঘটে। মাত্র ২০ রুপি দামের কারণে ১৫ থেকে ১৯ বছর বয়সী তরুণ, শিক্ষার্থী এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে পানীয়টি দ্রুত জনপ্রিয়তা পায়।
উত্তর প্রদেশের ২৪ বছর বয়সী বাইক মেকানিক সানি রাজবংশী বলেন, ক্ষুধা লাগলে কিংবা ধূমপান করার সময় তিনি প্রায়ই স্টিং বা ক্যাম্পা এনার্জি পান করেন। তার ভাষ্য, এতে পেট ভরে এবং কাজ করার জন্য নতুন শক্তি পাওয়া যায়। তিনি মনে করেন, এসব পানীয়র প্রতি তিনি আসক্ত হয়ে পড়েছেন।
স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা দীর্ঘদিন ধরে উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তাদের মতে, এসব পানীয়তে অতিরিক্ত ক্যাফেইন ও চিনি ছাড়াও ‘টরিন’ নামের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
যুক্তরাজ্যে আগামী বছরের এপ্রিল থেকে ১৬ বছরের কম বয়সীদের কাছে এ ধরনের পানীয় বিক্রি নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। পাকিস্তানের কিছু অঞ্চলে এসব পণ্যকে ‘উত্তেজক পানীয়’ হিসেবে বাজারজাত করার বাধ্যবাধকতাও রয়েছে।
বিজ্ঞাপন ও শিল্পখাতের আপত্তি
এনার্জি ড্রিংকের বৈশ্বিক ব্যবসা মূলত তাৎক্ষণিক শক্তি পাওয়ার আকর্ষণীয় বিজ্ঞাপনের ওপর দাঁড়িয়ে আছে। রেড বুলের ‘গিভস ইউ উইংস’ স্লোগান বিশ্বজুড়ে পরিচিত। ভারতে পেপসির ‘স্টিং’ পানীয়র বিজ্ঞাপনেও শরীরে ‘বিদ্যুতায়িত শক্তি’ পাওয়ার মতো দাবি করা হয়।
ভারতের প্রধান পানীয় কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী ইন্ডিয়ান বেভারেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা সরকারি নিয়ম মেনে চলতে এবং বিজ্ঞানভিত্তিক নীতি প্রণয়নে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তবে গত ৬ জুলাই এফএসএসএআইকে দেওয়া এক গোপন চিঠিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, এভাবে বিজ্ঞপ্তি জারি করে কঠোর পদক্ষেপ নিলে ব্র্যান্ডগুলোর সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বাজারে ব্যাপক বিভ্রান্তি তৈরি হতে পারে। এ বিষয়ে তারা ঝুঁকি-ভিত্তিক প্রয়োগ নীতি এবং একটি স্বচ্ছ ও পরামর্শমূলক কাঠামো অনুসরণের আহ্বান জানিয়েছে।
এদিকে সরকারি তদারকির অংশ হিসেবে চলতি মাসেই ভারতের রাজস্থান রাজ্য থেকে স্টিং, ক্যাম্পা এনার্জি ও রেড বুলের হাজার হাজার বোতল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিনকিট ও সুইগির মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে এসব পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ । ৬:৪৪ অপরাহ্ণ