উল্লাপাড়ায় চাঁদাবাজি ও হামলার মামলায় বিএনপির সাবেক সদস্য সচিব আজাদসহ ৬ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ১১:৫৬ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগে দায়ের হওয়া পৃথক দুই মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, যুবদল নেতা মো. আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন, মো. আব্দুল মোমেন এবং শ্রমিকদল নেতা মমতাজ আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই পঞ্চকোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামের বাসিন্দা ও উল্লাপাড়া বাজারের ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয়।

এ ঘটনার পর গত শনিবার সন্ধ্যায় ব্যবসায়ী আলমগীর হোসেনের ভাই ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিষ্টার অভিযোগ দায়ের করতে উল্লাপাড়া থানায় যান। অভিযোগ অনুযায়ী, থানার প্রধান ফটকের সামনেই তার ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে রোববার সন্ধ্যায় ব্যবসায়ী আলমগীর হোসেন ও জাহিদুল ইসলাম মিষ্টার পৃথক দুটি মামলার বাদী হয়ে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে জাহিদুল ইসলাম মিষ্টারের ওপর হামলার প্রতিবাদে সোমবার বেলা ১২টায় উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উল্লাপাড়া শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে চাঁদাবাজি বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন