ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির দায়ে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা

মোঃ মাইদুল ইসলাম কুড়িগ্রাম
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ২:৫১ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা বিক্রির অপরাধে জাহিদুল ইসলাম ওরফে মিস্টার (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। জাহিদুল ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গনাইরকুটি এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজন জাহিদুলকে হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক বিক্রির অপরাধে জাহিদুল ইসলাম ওরফে মিস্টারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, “মাদক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন