চট্টগ্রাম রেঞ্জের সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন ওসি শেখ মোহাম্মদ আলী

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ৪:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান জোরদার এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার অভিযানে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর নেতৃত্বে কক্সবাজার সদর মডেল থানা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সংখ্যক মাদক কারবারিকে আইনের আওতায় নিয়ে এসেছে এবং বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার মধ্যে মাদক উদ্ধারে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় ওসি শেখ মোহাম্মদ আলী এই সম্মাননায় ভূষিত হন। তাঁর এই অর্জনে কক্সবাজার জেলা পুলিশ এবং স্থানীয় জনগণ গর্বিত।

এ অর্জনের প্রতিক্রিয়ায় ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এই সম্মাননা তাঁর একার নয়; এটি কক্সবাজার সদর মডেল থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাঁর এই সাফল্য পুলিশ বাহিনীর জন্য একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন