সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

মোঃ কাউছার পাটোয়ারী
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ । ৮:৩২ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণহীন একটি মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারী মায়া আলম (৪০)মৃত মজিবুর রহমানের ছেলে। পেশায় রাজমিস্ত্রী মায়া আলম ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হলেও পরিবার নিয়ে সোনারগাঁয়ের সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া থাকতেন।

গুরুতর আহতরা হলেন—সোনাখালী এলাকার আলিনুর (২৫)ও সুরুজ মিয়া (৩০), বাপলুপুর এলাকার শহিদ (২৮)এবং সোনারগাঁ এলাকার টিকা খান (৩৫)। তাদের উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন