জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেছেন, দেশে বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মাঝেমধ্যে ব্যানার নিয়ে কর্মসূচির চেষ্টা করলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের কোনো ধরনের অবস্থান সহ্য করা হবে না।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “আজকাল দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু লোক মাঝে মাঝে একটি ব্যানার নিয়ে দুই মিনিটের জন্য দাঁড়িয়ে বলে তাদের আন্দোলন চলমান। আমি তাদের বলতে চাই, বিপ্লব এখনো শেষ হয়নি। সেই স্পিরিট আমাদের রয়েছে।”
তিনি আরও বলেন, “এই জগন্নাথের আশপাশে যদি এই ধরনের কেউ আসে, জগন্নাথবাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকেও সহ্য করবে না। এখনো সময় আছে, আপনারা যারা আছেন, ঠিক হয়ে যান, তওবা করেন। ফ্যাসিস্ট হাসিনার কথা ভুলে যান। যারা এখনো নিষিদ্ধ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, তারা গুপ্ত অবস্থায় লেখাপড়া করে যান। যদি দাঁড়ানোর চেষ্টা করেন, আপনাদেরকে বসতেও দেব না।”
সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি বলি, বাংলাদেশ আপনার লাশ পর্যন্ত গ্রহণ করবে না। ফ্যাসিস্ট হাসিনার লাশ বাংলাদেশের মাটি গ্রহণ করবে না। আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি।”
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে জবি প্রক্টর বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। সেই আত্মত্যাগের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন।
এ ছাড়া অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ১:১৪ অপরাহ্ণ