বোয়ালমারীতে সাবেক আ.লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও বাড়িছাড়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ । ১১:৩৫ অপরাহ্ণ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বাড়িছাড়া এবং ফসলি জমিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সজীব।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে এরপর আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মাতুব্বর পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা শুরু করেন। সরকারের পট পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকার পর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকায় ফিরে এসে অনুসারীদের নিয়ে আধিপত্য বিস্তারে সক্রিয় হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বর্তমানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি, বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা, ফসলি জমিতে যেতে বাধা এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

মাহাবুব হাসান সজীব আরও বলেন, জয়পাশা গ্রামের নাজিম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বাড়িতে হামলা, লুটপাট, গবাদিপশু নিয়ে যাওয়া, জমিতে যেতে বাধা এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ রয়েছে। এসব ঘটনার কারণে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার গত পাঁচ মাস ধরে বাড়িছাড়া রয়েছে। পাশাপাশি প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট কাটতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। এছাড়া মাছের ঘের থেকে মাছ লুট ও বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়। এসব বিষয়ে থানায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্কাস মোল্যা। তিনি বলেন, ১৭ বছর বয়স থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় আওয়ামী লীগ সরকারের সময় তিনি ও তার পরিবার দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে বিএনপির শাসনামলেও মান্নান মাতুব্বরের লোকজন তার বাড়ি থেকে গবাদিপশু লুট করেছে এবং তিনি নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না বলে অভিযোগ করেন।

পরমেশ্বরদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আকমল শেখ অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে প্রায় সাত মাস ধরে তিনি বাড়িছাড়া। তার দাবি, আব্দুল মান্নান মাতুব্বর তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছেন। আওয়ামী লীগ সরকারের সময় যেমন নির্যাতনের শিকার হয়েছেন, এখনও একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকুব্বর মাতুব্বর বলেন, মান্নান মাতুব্বরের প্রভাবের কারণে তিনি নিজ বাড়িতে যেতে পারছেন না। এমনকি নিজের জমির পাট কাটতেও বাধার মুখে পড়ছেন, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান বলেন, জয়পাশা গ্রামের তার ভাতিজা সৈয়দ নাজিম আলী হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোয় তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মান্নান মাতুব্বরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন