আদিতমারীতে মাদক মামলায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তার

শেখ রনদ সিমান্ত,লালমনিরহাট:
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ । ১০:৫৭ পূর্বাহ্ণ

 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. খোকন মিয়া (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব ভেলাবাড়ী এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো. ছকমল হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জুন আদিতমারী থানাধীন ভেলাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বাজারের দিকে আসছেন। খবর পেয়ে ডিবির একটি দল উপজেলার ধনীতারী এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন মোটরসাইকেলটির গতিরোধের চেষ্টা করলে চালক ও পেছনে থাকা আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে রিদয় (১৯) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ আটক করা হলেও মোটরসাইকেলের চালক খোকন মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় ওই দিনই আদিতমারী থানায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে পলাতক থাকা খোকন মিয়াকে বৃহস্পতিবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদিতমারী থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বলেন, মাদক মামলার এজাহারভুক্ত আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু বলেন, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জেনেছি। তিনি আজ গ্রেপ্তার হয়েছেন কি না, তা আগে নিশ্চিত ছিলাম না। তবে মামলার বিষয়টি জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন