কক্সবাজারের পর্যটন খাতে ফের নিরাপত্তার ঘাটতির চরম মাশুল গুনতে হলো এক পর্যটককে। মেরিন ড্রাইভের দরিয়ানগরে প্যারাসাইলিং করার সময় নিরাপত্তা সরঞ্জাম ছিঁড়ে বা ছিটকে বঙ্গোপসাগরে পড়ে শৌভিক রয় (২৮) নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে দরিয়ানগর এলাকার ‘সি স্পোর্টস প্যারাসাইলিং’ পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি বন্ধুদের একটি ৯ সদস্যের পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সি স্পোর্টস পয়েন্টে প্যারাসাইলিংয়ে ভাসার কিছুক্ষণ পরই হঠাৎ করে নিরাপত্তা সরঞ্জাম থকে ছিটকে সমুদ্রে আছড়ে পড়েন শৌভিক। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আয়োজক কর্তৃপক্ষই তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এমন দুর্ঘটনায় তাঁর সফরসঙ্গী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে তীব্র শোক ও কান্না।
কক্সবাজারে দীর্ঘদিন ধরে প্যারাসাইলিং ব্যবসা চালু থাকলেও পর্যটকদের জীবনের নিরাপত্তা ও রাইডগুলোর মান নিয়ে বরাবরই বিতর্ক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অতীতেও এই ‘সি স্পোর্টস’সহ একাধিক পয়েন্টে একাধিকবার মারাত্মক দুর্ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো টেকসই পদক্ষেপ নেয়নি।
প্রতিবার দুর্ঘটনার পর সাময়িক চাঞ্চল্য তৈরি হলেও চালক ও পরিচালনাকারীদের অভিজ্ঞতা, লাইফজ্যাকেট ও রশির মান পরীক্ষা করার মতো কার্যকর কোনো মনিটরিং দৃশ্যমান হয় না।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। তবে দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এবং ফিটনেস ঘাটতি ছিল কি না—সে বিষয়ে জেলা প্রশাসন বা ‘সি স্পোর্টস প্যারাসাইলিং’ কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে মেলেনি। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি।
প্রকাশের সময়: শনিবার, ১ আগস্ট, ২০২৬ । ৭:১৭ অপরাহ্ণ