‘ঠাকুরগাঁও: সরকারে আসার কারণে কেউ যেন ক্ষমতার দাপট না দেখায় এবং জোর করে কারও কাছ থেকে কিছু আদায় না করে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানুষের ভালোবাসা অর্জনের একমাত্র পথ হলো ভালো কাজ করা, বিনয়ী থাকা এবং মানুষের পাশে দাঁড়ানো।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিদ্দিকীয়া বিশ্ব ইসলাম মিশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন, কারও কাছ থেকে জোর করে কিছু নেবেন, এটা যেন না হয়। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না, সীমালঙ্ঘনও পছন্দ করেন না। আমরা যেন মানুষের কল্যাণে কাজ করি, বিনয়ী হই এবং মানুষের বিপদে পাশে দাঁড়াই।”
ধর্মভিত্তিক রাজনীতির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, একটি দল ধর্মের নামে রাজনীতি করছে, যা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তার ভাষায়, ধর্ম মানুষের অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়।
তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রে সবার সমান অধিকার রয়েছে। আমরা মানুষের কল্যাণ চাই। একদিকে অবকাঠামো উন্নয়ন করব, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। আল্লাহ যতদিন সুস্থ রাখবেন, ততদিন আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই।”
ঠাকুরগাঁওয়ের উন্নয়নের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, মানুষ যদি আন্তরিকভাবে দারিদ্র্যমুক্ত ও উন্নত ঠাকুরগাঁও গড়ার স্বপ্ন দেখে এবং সে অনুযায়ী কাজ করে, তাহলে সেই লক্ষ্য অর্জন সম্ভব। তিনি বলেন, আল্লাহর কাছে আন্তরিকভাবে কিছু চাইলে তিনি তা কবুল করেন।
গত ১৫ বছরের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘ সময় আন্দোলন করেছে। এ সময় দলের বহু নেতাকর্মী অসংখ্য মামলার মুখোমুখি হয়েছেন, আদালতে বারবার হাজিরা দিয়েছেন এবং অনেকেই কারাবরণ করেছেন। তবে এখন আল্লাহ সুদিন ফিরিয়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যসেবার বিষয়ে মির্জা ফখরুল জানান, সম্প্রতি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বৈঠক করেছেন। সেখানে অ্যাম্বুলেন্স থাকলেও চিকিৎসকের সংকট এবং হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়টি সামনে এসেছে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতির উন্নয়ন হচ্ছে এবং ভবিষ্যতে আরও চিকিৎসক নিয়োগ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য রংপুরে যেতে না হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, যারা চেয়ারম্যান বা সদস্য হতে চান, তারা যেন আগে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। মানুষের জন্য কাজ করলে জনগণই তাদের নির্বাচিত করবে।
ধর্মভিত্তিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “রাজনীতি সবাই করবে, কিন্তু ধর্মের নাম নিয়ে কেন? আপনারা আপনাদের রাজনীতি করবেন, আমরা আমাদের রাজনীতি করব। হিন্দু ভাইবোনেরাও এবার আমাদের অনেক ভোট দিয়েছেন। তাদের ভালোবাসবেন, তাদের জন্যও কাজ করবেন।”
আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ১২:৪৩ অপরাহ্ণ