কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করতে গিয়ে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
জানা যায়, বুধবার (৫ আগস্ট) দুপুরে উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কাভার করতে যান স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান চলাকালে বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে অডিটোরিয়াম থেকে টেনে বাইরে নিয়ে মারধর করেন। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত সাংবাদিক মোহাম্মদ জুবাইর অভিযোগ করেন, তিনি পেশাগত দায়িত্ব পালনকালে ভিডিও ও ছবি ধারণ করছিলেন। এ সময় এক ব্যক্তি তাকে বাইরে নিয়ে যেতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। এরপর কয়েকজন মিলে তার ওপর হামলা চালায় এবং মাথায় আঘাত করে।
ঘটনার বিষয়ে উলিপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী বলেন, তারা অডিটোরিয়ামের ভেতরে ছিলেন। পরে বাইরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক উল্লেখ করে বলেন, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, হামলার পর পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খন্দকার টিউটর, চ্যানেল ওয়ানের প্রতিনিধি রাশিদুল ইসলাম রাশেদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, দৈনিক সমকালের প্রতিনিধি সুজন মোহন্ত এবং মানবাধিকার কর্মী রুকাইয়া আক্তার রুপা।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মোঃ মাইদুল ইসলাম
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ১০:০৫ অপরাহ্ণ 