সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নসহ তিনটি ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের উপস্থিতিতে হেমায়েতপুর এলাকার মহাসড়কে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার একটি মহল ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের মানুষ সাভার উপজেলার সঙ্গে প্রশাসনিক ও সামাজিকভাবে যুক্ত। নাগরিক সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধার কথা বিবেচনা করে এসব ইউনিয়নকে কোনোভাবেই কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করা যাবে না।
সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। তারা তেঁতুলঝোড়া ইউনিয়নকে সাভার উপজেলার সঙ্গে রাখার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে এলাকাবাসী একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হেমায়েতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ । ৯:৩৯ অপরাহ্ণ