বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত ২০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকোর উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান। শুক্রবার (৭ আগস্ট) লাল ফিতা কেটে সাঁকোটির আনুষ্ঠানিক উদ্বোধন করার পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি খালের ওপর দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু না থাকায় শিক্ষার্থী, কৃষক, নারী, প্রবীণ ও কর্মজীবী মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যাওয়ায় বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। নির্মাণকাজ শেষ হলে শুক্রবার সকালে স্থানীয়দের উপস্থিতিতে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান লাল ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করেন। পরে এটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এই সাঁকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পারাপার অনেক সহজ হবে। তবে তারা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগও দাবি করেছেন।
এদিকে বাঁশের সাঁকোতে লাল ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রম ও উদ্যোগের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে দেখছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, একটি অস্থায়ী বাঁশের সাঁকো উদ্বোধনে এত আনুষ্ঠানিকতার প্রয়োজন ছিল কি না। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এলাকাতেও ব্যাপক আলোচনা চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ । ১০:২৯ অপরাহ্ণ