সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ছিলেন এবং নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের অনুসারী ১২ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চণ্ডীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামানের হাত থেকে ফুলের মালা গ্রহণ করে বিএনপিতে যোগদান করেন নতুন সদস্যরা।
সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদুল ইসলাম আমজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ স্থানীয় বিএনপির নেতারা।
বিএনপিতে যোগ দেওয়া ১২ জন হলেন: কামাল হোসেন মিন্টু, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, জিন্নুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান আলী, আব্দুল মাজেদ, শাহাজালাল, শহীদ গাজী, গফুর গাজী ও তৌহিদুর রহমান বাবু।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ । ১১:০৪ অপরাহ্ণ