বন্ধুর বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতা কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ । ১১:৫৫ অপরাহ্ণ

ভোলার মনপুরায় বন্ধুর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ছুরির মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদল নেতা মো. তানজিলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ভুক্তভোগী গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে অভিযুক্ত তানজিল কৌশলে ঘরে প্রবেশ করেন। পরে গৃহবধূর গলায় ছুরি ধরে চিৎকার করলে হত্যার হুমকি দেন এবং তাকে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন তার স্বামী। পরে প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে অভিযান চালিয়ে তানজিলকে আটক করা হয়।

শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে তানজিলসহ অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত তানজিল চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা যায়।

ভুক্তভোগীর স্বামী বলেন, “সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্ট কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য তাকে ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন