অভিনয় ছেড়ে ধর্মের পথে জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ । ৩:৩৮ অপরাহ্ণ

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ দীর্ঘদিনের অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। সাবলীল অভিনয় এবং নিজস্ব সংলাপ বলার ভঙিমায় দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই অভিনেতা এখন পুরোপুরি ধর্মের পথে মনোযোগী হয়েছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন ও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কারণ খোলামেলাভাবে শেয়ার করেছেন তিনি।

হাসান মাসুদ জানান, গত প্রায় দুই বছর ধরে তিনি নিয়মিত অভিনয় থেকে দূরে আছেন। তার জীবনে এই পরিবর্তন হঠাৎ করে আসেনি; বরং বেশ কিছুদিন ধরেই তিনি নিজের জীবন নিয়ে নতুনভাবে ভাবছিলেন। তার এই রূপান্তরের পেছনে অন্যতম বড় ভূমিকা পালন করেছে পবিত্র হজ পালন। সম্প্রতি তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় ৪১ দিন অবস্থান করেন। পবিত্র এই দুই নগরীতে কাটানো সময় তার জীবনকে আরও গভীরভাবে প্রভাবিত করেছে বলে জানান তিনি।

তবে কেবল হজ পালনই নয়, বরং তার অনেক আগে থেকেই তার মধ্যে মানসিক ও জীবনযাপনে পরিবর্তন আসতে শুরু করেছিল। বর্তমানে তিনি নিজেকে সম্পূর্ণভাবে বদলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিয়মিত নাটক বা চলচ্চিত্রে অভিনয় না করলেও ক্যামেরার সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি। তিনি জানিয়েছেন, চিত্রনাট্য ও পছন্দ অনুযায়ী মাঝে মাঝে কেবল বিজ্ঞাপনের কাজ করেন, তবে নিয়মিত অভিনয় থেকে তিনি এখন সম্পূর্ণ দূরে রয়েছেন।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে ভক্ত ও দর্শকদের উদ্দেশে এই অভিনেতা বার্তা দিয়ে বলেন, আপনারা সবাই ভালো থাকবেন এবং সবসময় সৎ পথে থাকবেন, কারণ সত্যই সুন্দর।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন