কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও একটি টয়োটা হাইস মাইক্রোবাসসহ মোঃ ইব্রাহিম (২৪) নামের এক চালককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্যামবকসী গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার ও দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই অধীর চৌধুরী ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দক্ষিন সতানন্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি টয়োটা হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ-১৫-৮১৮১) থামানো হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় তৈরি করা বক্স থেকে ১৪টি প্যাকেটে মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইব্রাহিম জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

আল রোকন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ । ২:৪৮ অপরাহ্ণ