কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২:৩০ মিনিটে উপজেলার বিটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বিটেশ্বর ইউনিয়নের নোয়াগাঁও (মুন্সি বাড়ি) এলাকার শাহ আলমের ছেলে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আঃ হান্নান মিয়া (৪৯) এবং নোয়াদ্দা (প্রধান বাড়ি) এলাকার আবুল কাসেমের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহান (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলামের দিক-নির্দেশনা ও নেতৃত্বে এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিটেশ্বর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আল রোকন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশের সময়: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ । ৪:৩৩ অপরাহ্ণ