ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১১:২০ পূর্বাহ্ণ

র‍্যাপিড একশন ব্যাটালিয়ন-১৫
কক্সবাজার
প্রেস রিলিজ
তারিখ: ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, ঘাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত নারকীয় দ্বৈত হত্যাকাণ্ডের এজাহারনামীয় প্রধান ও একমাত্র আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র‍্যাব।

গত ০৯ জুলাই ২০২৬ তারিখে কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে আসামি এহেছানুল হক (৩৮) অত্যন্ত নৃশংসভাবে তার স্ত্রী ও দুই সন্তানকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) ও ৫ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম প্রাণ হারান। অন্য ছেলে মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।
​
ঘটনার পর থেকে র‍্যাব-১৫, কক্সবাজার আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১৯:০৫ ঘটিকায় র‍্যাব-১৫ (ব্যাটালিয়ন সদর) এবং র‍্যাব-২ (সিপিসি-৩) এর একটি আভিযানিক দল ঢাকা তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে যৌথ অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি এহেছানুল হক (৩৮), পিতা- নুর আহম্মদ, সাং- কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, ব্লক: বি-৬, উখিয়া, কক্সবাজারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

—-স্বাক্ষরিত—-
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক(ল’ এন্ড মিডিয়া)
পক্ষে অধিনায়ক

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন