নতুন মানবতাবিরোধী অপরাধের মামলায় শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ৫:১২ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন—ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই চ্যানেলের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা।
সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর এস এম মইনুল করিম। আগামী ২৪ আগস্ট এই তিন সাংবাদিককে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত টকশো ও অন্যান্য অনুষ্ঠানে এই তিন সাংবাদিক উসকানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলন দমনে প্ররোচনা জুগিয়েছিলেন। তদন্তে এই অপরাধে তাদের সংশ্লিষ্টতা পাওয়ার পর রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরা পরোয়ানার আবেদন করে।
এর আগে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা শাপলা চত্বর হত্যা মামলাসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। অন্যদিকে, সাংবাদিক শ্যামল দত্ত জুলাই আন্দোলন-সংক্রান্ত আরেকটি মামলায় নিম্ন আদালতের আদেশে বর্তমানে কারাগারে আটক রয়েছেন। নতুন এই মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজিরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে বলে জানা গেছে।
সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন