কাফনের কাপড় পরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, ঈশ্বরদীতে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ১১:১০ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে জুবায়ের হোসেন বাপ্পীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অস্ত্র হাতে মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী থানা ফটকের সামনে এ ঘটনা ঘটে। জুবায়ের হোসেন বাপ্পী সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, অস্ত্র হাতে অবস্থানের পর জুবায়ের হোসেন বাপ্পীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি থানার ভেতরে রয়েছেন। এদিকে ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা থানা ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসা থেকে মাথা ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে একটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বাপ্পী ঈশ্বরদী থানা ফটকের সামনে আসেন। পরে অস্ত্র হাতে তার অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা থানার সামনে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ করেন। এ সময় তারা জুবায়ের হোসেন বাপ্পী ও হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

থানা ফটকে অবস্থান নেওয়া ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান ও ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক বিরোধের জেরে বাপ্পী কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে হত্যার হুমকি দিয়ে আসছেন। তাদের দাবি, সোমবার প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে তিনি পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করেছেন। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে এ অভিযোগের বিষয়ে জুবায়ের হোসেন বাপ্পীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “এ ঘটনায় অস্ত্র প্রদর্শন করা জুবায়ের হোসেন বাপ্পী ইতিমধ্যে পুলিশি হেফাজতে রয়েছেন। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাকে কেন্দ্র করে ঈশ্বরদী থানা এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে পুলিশ।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন