কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে ১০ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ ঘটনায় মানবপাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, গত ১৯ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালানো হয়। পিএইচপি বরফ মিলের পাশে হাবিবুল্লাহর বাড়ির সামনের এলাকায় অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া করে আব্দুল আমিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আব্দুল আমিন স্বীকার করেছেন, তিনি ও তার পলাতক সহযোগীরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে ওই ১০ জনকে ঘটনাস্থলে জড়ো করেছিলেন।
অভিযানে ঘটনাস্থল থেকে ১০ জন মানবপাচারের শিকার ভিকটিমকে নিরাপদে উদ্ধার করে র্যাবের হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরাও জানান, তাদেরকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যেই সেখানে নিয়ে আসা হয়েছিল।
পরে উদ্ধার হওয়া ১০ ভিকটিম ও গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মানবপাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মানবপাচারের মতো গুরুতর অপরাধ ঠেকাতে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি।
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ । ৯:০৫ অপরাহ্ণ