শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘ ২৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব পালনের পর ঘোড়ার গাড়িতে করে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়েছে ইমাম মাওলানা আবুল হোসেনকে।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ান মাদবর কান্দি খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন।
মাওলানা আবুল হোসেন দীর্ঘ ২৫ বছর ধরে ওই মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে ইমামতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি এলাকার মানুষকে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়ে আসছিলেন।
দীর্ঘদিন একই মসজিদে দায়িত্ব পালনের সুবাদে মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে তার গড়ে ওঠে গভীর সম্পর্ক। তাই প্রিয় ইমামের বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মুসল্লি ও এলাকাবাসী।
বিদায় অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে ঘোড়ার গাড়িতে করে মাওলানা আবুল হোসেনকে সম্মানের সঙ্গে বিদায় জানানো হয়।
বিদায়ী বক্তব্যে মাওলানা আবুল হোসেন বলেন, “এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসীর কাছ থেকে আমি সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছি। বিদায়ের সময় তারা যেভাবে আমাকে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, আমার কাছে মনে হয়েছে তারা আমাকে জান্নাতে পৌঁছে দিয়েছে। আমি সবাইকে দোয়া করতে বলব এবং আমিও তাদের জন্য দোয়া করব।”
স্থানীয়দের এমন ব্যতিক্রমী বিদায় আয়োজন এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মোঃ নুরজামাল এমটিভি বাংলা প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট, ২০২৬ । ১২:৫১ পূর্বাহ্ণ