শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রত্যয় ডেপুটি স্পিকারের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ১:৫০ অপরাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না। বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কমিটিতে যুক্ত করে তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিগত দিনের দলীয়করণের অপসংস্কৃতির সমালোচনা করে কায়সার কামাল বলেন, স্কুলের পরিচালনা কমিটির হাতে কিছু ক্ষমতা থাকে, যা অনেক সময় রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়। যারা রাজনীতি করতে চান, তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে দলীয় কমিটি রয়েছে।

শিক্ষকতা পেশার মর্যাদার কথা তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষক আজীবনই শিক্ষক। মৃত্যুর আগের দিন পর্যন্ত তাঁরা সমাজের কাছে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ হিসেবে পরম শ্রদ্ধার পাত্র। অবসর নেওয়ার পরও তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান সমাজের কাজে লাগানো প্রয়োজন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র মেরামতের সর্বজনীন কর্মসূচির কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ‘তিনি (তারেক রহমান) সবার প্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য প্রতিদিন ১৮-২০ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তাঁর সংস্কারমূলক উদ্যোগগুলোকে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে দেখতে হবে।’

বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারীসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন