জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের তুলনা করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে আছেন। একইভাবে তারেক রহমানকেও তিনি ‘আমাদের নজরুল’ হিসেবে উল্লেখ করেন।
সোমবার (২৪ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
নূরুল ইসলাম মনি বলেন, “নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা প্রতিটি ঘরে, সারা দেশে নজরুলকে খুঁজি। আমাদেরও একজন নজরুল আছেন। আমরা হয়তো তাঁকে দেখতে পাই না, কিন্তু তাঁকে চিনতে না পারলে আমাদেরই ভুগতে হবে।”
তারেক রহমান ক্ষমতায় আসার পরপরই দেশ ও বিশ্ব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে উল্লেখ করে প্রধান হুইপ বলেন, মাত্র ছয় মাসের মধ্যে ইরান-আমেরিকার যুদ্ধ, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং দেশের জ্বালানি সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
জ্বালানি সংকটের সময় পেট্রল পাম্পে দীর্ঘ লাইনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই সেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তাঁর প্রশ্ন, “তিন দিনের মধ্যে কি আকাশ থেকে তেল পড়েছিল? আমাদের বুঝতে হবে। তেল আগে থেকেই এখানে ছিল। কিছু মানুষ সমাজে সমস্যা তৈরি করে।”
দেশের বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন নূরুল ইসলাম মনি। তিনি প্রশ্ন রাখেন, বিদ্যুতের সমস্যায় মানুষ ভোগান্তিতে পড়লে তারেক রহমানের কী লাভ? সরকারের আন্তরিকতা যাচাই করার পাশাপাশি যারা ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করছে, তাদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ সংকট নিয়ে আন্দোলনকারীদের কারও কারও দ্বৈত আচরণের সমালোচনা করে তিনি বলেন, “কেউ অধৈর্য হয়ে রাস্তায় নামেন, বলেন বিদ্যুৎ নেই। সামনে কেউ হারিকেন নিয়ে বসেন। কিন্তু পেছনে তাকালে দেখা যায়, ফ্যান ঘুরছে আর সামনে হারিকেন। এটা দ্বৈত মানদণ্ড।”
দেশে কেউ কেউ ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছেন অভিযোগ করে সাংবাদিকদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান হুইপ।
তারেক রহমানের কাছে কয়েক দিনের মধ্যে দেশের সব সমস্যার সমাধান প্রত্যাশা না করার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম মনি বলেন, শিল্পের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকার কাজ করছে।
তারেক রহমানের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, “গ্রাম থেকে শহর—এমন কোনো খাত নেই যেখানে নজরুল হাত বাড়িয়ে দেননি।”
তারেক রহমানকে সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে উল্লেখ করে প্রধান হুইপ বলেন, বাংলাদেশ এমন একজন মানুষ পেয়ে ভাগ্যবান। তাঁর ভাষায়, “এমন একজন নজরুল আর জন্মাবে না। আমরা যদি এই নজরুলকে হারাই, বাংলাদেশ আরেকজন নজরুল পাবে না।”
এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও তারেক রহমানের তুলনা করেন নূরুল ইসলাম মনি। জিয়াউর রহমানকেও তিনি ‘একজন নজরুল’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “সেই নজরুল চলে যাওয়ার পর আমরা দীর্ঘদিন স্বৈরতন্ত্রের নিপীড়নের শিকার হয়েছি। এই নজরুল যদি আবার চলে যান, আমরা সেই নিপীড়ন থেকে কখনো ফিরে আসতে পারব কি না, জানি না।”
বক্তব্যের শেষ দিকে ঐক্যের আহ্বান জানিয়ে প্রধান হুইপ বলেন, “আমরা সবাই একসঙ্গে থাকব। আমরা সবাই এই নজরুলের বাঁশির সুর শুনব।”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ১১:০৬ অপরাহ্ণ