শরীয়তপুরের ভেদরগঞ্জে অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আসাদ মিয়াকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
তিনি উপজেলার সখিপুরের ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সহকারী শিক্ষকের সাবেক স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও আপত্তিকর বার্তা আদান-প্রদানের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
দীর্ঘ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
রোববার (২৩ আগস্ট) প্রাথমিক শিক্ষা বিভাগের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল আজিজ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।
তবে অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. আলী আসাদ মিয়া দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না এবং তার কাছে কোনো চিঠি পৌঁছায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বিভাগীয় কার্যালয়ের আদেশটি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। বর্তমানে ওই শিক্ষক ছুটিতে রয়েছেন।

মোঃ নুরজামাল এমটিভি বাংলা
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ১২:১৬ পূর্বাহ্ণ