শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৪ আগস্ট) ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে শতাধিক মানুষকে মহাসড়কে মিছিল করতে দেখা যায়। এ সময় তাদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আজকের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’ স্লোগান দিতে শোনা যায়।
মিছিলকারীদের ব্যানারে ‘১৫ আগস্ট শোক র্যালি’ লেখা ছিল। সেখানে শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবিও দেখা যায়। স্থানীয়দের দাবি, মিছিলের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রের দাবি, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশনায় এবং সদর উপজেলা যুবলীগের সংগঠক শেখ সেলিমের উদ্যোগে মিছিলটি আয়োজন করা হয়। তবে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তুষার আহমেদ রাতুল (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯) নামে তিনজনকে আটক করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পালং মডেল থানার ওসি মো. শাহ আলম জানান, ঘটনাস্থল নড়িয়া থানার আওতাধীন হওয়ায় আটক তিনজন ও জব্দ করা মোটরসাইকেল নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে নড়িয়া থানা পুলিশ।

মোঃ নুরজামাল এমটিভি বাংলা
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ১২:১৮ পূর্বাহ্ণ