চুকনগর বাজারে বালিবাহী ট্রাকের ধাক্কায় জিরো পয়েন্ট ক্ষতিগ্রস্ত

মাস্টার আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ও ব্যুরো প্রধান, খুলনা
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৩:৫০ অপরাহ্ণ

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারের গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট এলাকায় বালিবাহী একটি ট্রাকের ধাক্কায় সড়কের একটি অংশ ভেঙে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই এলাকায় জনসাধারণের চলাচলে দুর্ভোগের আশঙ্কা দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ২৪ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে বালিবোঝাই একটি ট্রাক চুকনগর বাজারের জিরো পয়েন্ট এলাকায় প্রবেশ করে। এ সময় ট্রাকটির ধাক্কায় জিরো পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে যায়। এতে সড়কটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, অতিরিক্ত ভারী যানবাহনের অবাধ চলাচল এবং চালকদের অসতর্কতার কারণে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ট্রাকটির চালককে শনাক্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের দাবি, ভবিষ্যতে অতিরিক্ত ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন