গাজীপুরে ৩০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী তারেক গ্রেফতার।

এইচ, এম ওমর ফারুক-গাজীপুর
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৮:৫৭ অপরাহ্ণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২২ নং ওয়ার্ডের আলোচিত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী তারেককে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার বিকেলে উওর গজারিয়াপাড়া ব্র্যাক ‘ সিডিএম’-এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত তারেক দীর্ঘদিন ধরে গাজী মার্কেট ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের চোখ ফাঁকি দিতে সে অভিনব কৌশল অবলম্বন করত। এলাকায় মাদক সরবরাহের জন্য সে কিশোরদের মাঠ পর্যায়ে ব্যবহার করত, যাতে কেউ সহজে সন্দেহ না করে। পুরো এলাকার মাদক সিন্ডিকেট তার নিয়ন্ত্রণে ছিল বলে স্থানীয়রা জানান।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ দিন ধরে তারেকের বেপরোয়া মাদক কারবারের কারণে এলাকার শান্ত পরিবেশ বিনষ্ট হচ্ছিল এবং তরুণ ও যুবসমাজ মারাত্মকভাবে আসক্ত হয়ে ধ্বংসের মুখে ঢলে পড়ছিল। তারেকের বিরুদ্ধে পূর্বেও থানায় একাধিক মাদক মামলা ও লিখিত অভিযোগ রয়েছে।
গাজীপুর সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন